মোঃ মিজানুর রহমান মিন্টু, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ
পঞ্চগড়ের ঐতিহাসিক মহারাজার দিঘি থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার (১৫ জুলাই) সকালে পঞ্চগড় সদরের এই দিঘি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ সময় নিহতের হাতে একটি রহস্যময় চিরকুট পাওয়া গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে দিঘির পানিতে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দেন। খবর পেয়ে পঞ্চগড় সদর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
এদিকে মরদেহ উদ্ধারের সময় নিহতের হাত থেকে একটি চিরকুট জব্দ করে পুলিশ। চিরকুটে তার মৃত্যুর জন্য কয়েকজনকে দায়ী করা হয়েছে বলে জানা গেছে। এছাড়া চিরকুটে পঞ্চগড় সদরের মালাদাম বাজারের কথাও উল্লেখ রয়েছে।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম জানান, মহারাজার দিঘি থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। মরদেহের সাথে একটি চিরকুট পাওয়া গেছে, যা জব্দ করে ভেতরের বিষয়গুলো তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
পুলিশ জানিয়েছে, চিরকুটে উল্লেখিত অভিযোগের সত্যতা যাচাইসহ ঘটনার সব দিক গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে