তানভীর সরদারঃ
ঝিনাইদহের কোটচাঁদপুরে সড়কে গাছ ফেলে ডাকাতি এবং বেসরকারি একটি ব্যাংকের শাখা ব্যবস্থাপকের ওপর হামলার ঘটনায় আন্তঃবিভাগীয় ডাকাত দলের সর্দারসহ তিন সদস্যকে গ্রেফতার করেছে জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল ও কোটচাঁদপুর থানা পুলিশ। এ সময় লুণ্ঠিত নগদ অর্থ ও একটি মোবাইল ফোনও উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে ঝিনাইদহ জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, তথ্যপ্রযুক্তির সহায়তায় পৃথক অভিযানে কুষ্টিয়ার ভেড়ামারা, রাজবাড়ীর পাংশা ও চুয়াডাঙ্গা সদর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার সুরত আলী ওরফে সুরত ডাকাত, রাজবাড়ীর পাংশা উপজেলার আলতাফ ওরফে আলতাফ ডাকাত এবং চুয়াডাঙ্গা সদর উপজেলার আরিফুল ইসলাম।
পুলিশ জানায়, গত ৯ জুলাই রাতে কোটচাঁদপুর উপজেলার সাফদারপুর-কোটচাঁদপুর সড়কের কুশোকুড়ী মাঠসংলগ্ন এলাকায় রাস্তার ওপর খেজুর গাছ ফেলে ব্যারিকেড সৃষ্টি করে মুখোশধারী ডাকাতরা। এ সময় মোটরসাইকেল আরোহী ও ট্রাকচালকদের মারধর করে নগদ টাকা ও মোবাইল ফোন লুট করা হয়। বাধা দিতে গেলে গ্রামীণ ব্যাংকের মুজিবনগর শাখার ব্যবস্থাপক জহুরুল ইসলামকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়। পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালিয়ে যায়।
এ ঘটনায় ওই রাতেই জহুরুল ইসলাম বাদী হয়ে কোটচাঁদপুর থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
ঘটনার পর ঝিনাইদহের পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশীষ বিন হাছান আসামিদের শনাক্ত ও গ্রেফতারের নির্দেশ দেন। তার নির্দেশনায় জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে প্রথমে সুরত আলীকে গ্রেফতার করে। তার কাছ থেকে লুণ্ঠিত নগদ অর্থ ও মোবাইল ফোন উদ্ধার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে আন্তঃবিভাগীয় ডাকাত দলের সর্দার আলতাফকে রাজবাড়ীর পাংশা থেকে এবং সর্বশেষ চুয়াডাঙ্গা সদর এলাকা থেকে দলের সদস্য আরিফুল ইসলামকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতার সুরত আলী ও আলতাফ আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আরিফুল ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করা হয়েছে।
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেন বলেন, “গ্রেফতারকৃত আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে। আদালত তাদের কারাগারে পাঠিয়েছেন। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেফতারে পুলিশের বিভিন্ন ইউনিট অভিযান অব্যাহত রেখেছে।”