রমজান আলী, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালী উপজেলায় বার্ষিক উন্নয়ন তহবিলের আওতায় বাস্তবায়িত একটি প্রকল্পের মাধ্যমে অসহায়, গরিব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল এবং অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুর ১২টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মধুখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রতীক দত্ত। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা কল্লোল সাহা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য ড. মো. ইলিয়াস মোল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল আওয়াল আকন, বাংলাদেশ জামায়াতে ইসলামী মধুখালী উপজেলা শাখার আমির মাওলানা আলিমুজ্জামান জামান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মাহবুব এলাহীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধীজন।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ড. মো. ইলিয়াস মোল্লা বলেন, নারীর ক্ষমতায়ন, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং শিক্ষার প্রসারে সরকার বিভিন্ন বাস্তবমুখী উদ্যোগ বাস্তবায়ন করছে। তিনি বলেন, শিক্ষার্থীদের যাতায়াত সহজ করতে বাইসাইকেল এবং অসহায় নারীদের স্বাবলম্বী করে তুলতে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। এসব উদ্যোগ শিক্ষার্থীদের লেখাপড়ায় উৎসাহ বাড়ানোর পাশাপাশি নারীদের অর্থনৈতিকভাবে স্বনির্ভর হতে সহায়ক হবে।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি উপকারভোগীদের হাতে বাইসাইকেল ও সেলাই মেশিন তুলে দেন।