তানভীর সরদারঃ
স্বপ্ন থাকলে অর্থ বাধা হতে পারে না—এমনই এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন ঝিনাইদহ জেলার ছেলে আলিম দার। বিনা টাকায় বাংলাদেশের ৬৪ জেলা ভ্রমণের লক্ষ্যে তিনি যাত্রা শুরু করেছেন, যা ইতোমধ্যেই স্থানীয়দের মাঝে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।
গত ২৮ মার্চ ২০২৬ তারিখে চুয়াডাঙ্গা থেকে তার এই ব্যতিক্রমী ভ্রমণ শুরু হয়। তার এই যাত্রার মূল উদ্দেশ্য বর্তমান প্রজন্মকে মোবাইল আসক্তি থেকে বের করে এনে দেশকে নতুনভাবে ভালোবাসতে উদ্বুদ্ধ করা। পাশাপাশি দেশের ইতিহাস, ঐতিহ্য, বিখ্যাত খাবার এবং সাধারণ মানুষের জীবনযাপন কাছ থেকে দেখার আগ্রহই তাকে এই চ্যালেঞ্জিং সিদ্ধান্ত নিতে অনুপ্রাণিত করেছে।
আলিম দার জানান, “টাকা না থাকলেও ইচ্ছা থাকলে ভ্রমণ সম্ভব—এই বার্তাটি সবার কাছে পৌঁছে দিতেই আমার এই উদ্যোগ।” তিনি আরও বলেন, পথিমধ্যে ট্রাক, বাস ও স্থানীয় মানুষের সহযোগিতায় তিনি এক জেলা থেকে আরেক জেলায় পৌঁছাচ্ছেন।
তার এই ব্যতিক্রমী উদ্যোগ ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসিত হচ্ছে। অনেকেই তার সাহস ও উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এবং এটি তরুণদের জন্য ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে দেখছেন।
সমাজের সচেতন মহল মনে করছেন, এমন উদ্যোগ তরুণদের মাঝে দেশপ্রেম, আত্মবিশ্বাস ও সাহসিকতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আলিম দারের এই দীর্ঘ ভ্রমণ সফল হোক—এমনটাই প্রত্যাশা সকলের। তার জন্য রইলো আন্তরিক দোয়া ও শুভকামনা।