মিজানুর রহমান মিন্টু, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় মাটি দিয়ে স্টেডিয়ামের আদলে তৈরি ব্যতিক্রমী মাঠে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ‘উত্তর-পূর্ব দর্জিপাড়া সমাজ উন্নয়ন ক্লাব হা-ডু-ডু টুর্নামেন্ট-২০২৬’। মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেলে উত্তর-পূর্ব দর্জিপাড়া সমাজ উন্নয়ন ক্লাব মাঠে আনুষ্ঠানিকভাবে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
টুর্নামেন্টের উদ্বোধন করেন তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আনোয়ার হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি মো. শাহজাহান মিয়া। অনুষ্ঠান সঞ্চালনা করেন শাহিনুর ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেঁতুলিয়া উপজেলা বিএনপির সভাপতি মো. শাহাদৎ হোসেন রঞ্জু, তেঁতুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. লাইছুর রহমান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আবু সাঈদ মিয়া, উপজেলা যুবদলের আহ্বায়ক খন্দকার আবু নোমান (এনাম), সাবেক তেঁতুলিয়া ছাত্রদল সভাপতি ও সমাজসেবক মো. সাইদুর রহমান বাবুল, উপজেলা যুবদলের সদস্যসচিব মো. জাকির হোসেন, যুগ্ম আহ্বায়ক মো. আবু সালেহ ইব্রাহিম ইমরান, শ্রমিক কল্যাণ ফেডারেশন তেঁতুলিয়া উপজেলা শাখার সেক্রেটারি মো. জাহাঙ্গীর আলম, ৩ নম্বর তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. মনছুর আলম, উপজেলা ছাত্রদলের সদস্যসচিব মো. আবু বক্কর সিদ্দিক সবুজ এবং ৩ নম্বর তেঁতুলিয়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো. এরশাদুল হকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
ব্যতিক্রমী এ আয়োজনের অন্যতম আকর্ষণ ছিল মাটি দিয়ে স্টেডিয়ামের আদলে তৈরি করা খেলার মাঠ। মাঠের চারপাশে দর্শকদের বসার ব্যবস্থা করায় সৃষ্টি হয় স্টেডিয়ামের মতো পরিবেশ। উদ্বোধনী খেলাকে কেন্দ্র করে মাঠে নারী-পুরুষসহ বিভিন্ন বয়সী দর্শকের উপচেপড়া ভিড় দেখা যায়। গ্রামবাংলার ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলা উপভোগ করতে দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
আয়োজকরা জানান, গ্রামীণ ঐতিহ্যবাহী খেলাধুলাকে নতুন প্রজন্মের কাছে পরিচিত করা, সামাজিক সম্প্রীতি জোরদার এবং তরুণদের খেলাধুলায় উৎসাহিত করার লক্ষ্যেই এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।
স্থানীয় ক্রীড়াপ্রেমীরা মনে করছেন, এ ধরনের ব্যতিক্রমী আয়োজন গ্রামীণ খেলাধুলার ঐতিহ্য ধরে রাখার পাশাপাশি তরুণ সমাজকে সুস্থ বিনোদনের সুযোগ করে দেবে।