তানভীর সরদার,নিজস্ব প্রতিনিধিঃ
পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ঝিনাইদহের অসহায় ও হতদরিদ্র মানুষের মুখে হাসি ফোটাতে এগিয়ে এসেছেন নিউইয়র্ক প্রবাসী সমাজসেবক হাসনাত মাহমুদ জান্নাতুল ফেরদৌস। তার ব্যক্তিগত উদ্যোগ ও প্রতিষ্ঠিত হাসনাত ফাউন্ডেশন-এর আয়োজনে জেলার প্রায় ১০০ জন অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী ও নগদ অর্থ বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৭ মার্চ) থেকে ঝিনাইদহের বিভিন্ন এলাকায় এই সহায়তা কার্যক্রম শুরু হয়। বিতরণ করা ঈদ উপহার সামগ্রীর প্রতিটি প্যাকেটে রয়েছে চাল, ডাল, তেল, সেমাই, চিনি সহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য। এর পাশাপাশি ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে প্রতিটি পরিবারের হাতে তুলে দেওয়া হচ্ছে নগদ অর্থ।
নিউইয়র্ক থেকে পাঠানো এক ভিডিও বার্তায় হাসনাত মাহমুদ জান্নাতুল ফেরদৌস বলেন, সমাজে যারা স্বচ্ছল অবস্থানে রয়েছেন, তাদের উচিত আশেপাশের অসহায় মানুষের পাশে দাঁড়ানো। মানুষের প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধ থেকেই তিনি প্রতিবছর এ ধরনের উদ্যোগ গ্রহণ করে থাকেন।
তিনি আরও বলেন, ঝিনাইদহের মাটি ও মানুষের প্রতি তার গভীর টান রয়েছে। তাই প্রবাসে থাকলেও নিজের এলাকার মানুষের দুঃসময়ে পাশে থাকার চেষ্টা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখতে সবার কাছে দোয়া কামনা করেন।

স্থানীয়রা জানান, প্রবাস জীবনের ব্যস্ততার মধ্যেও হাসনাত মাহমুদ নিয়মিতভাবে ঝিনাইদহের অসহায় মানুষের খোঁজখবর রাখেন এবং বিভিন্ন সময় সহযোগিতার হাত বাড়িয়ে দেন। তার এই মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সুধীজন ও সাধারণ মানুষ। ঈদ উপহার পেয়ে উপকারভোগীদের মাঝেও দেখা গেছে আনন্দ ও কৃতজ্ঞতার অনুভূতি।