ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহে বাংলাদেশ পুলিশের অধস্তন কর্মকর্তা ও কর্মচারীদের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬-এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) সকাল ১০টায় ঝিনাইদহ জেলা পুলিশ লাইন্স মাঠে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। কনস্টেবল/নায়েক থেকে এএসআই (নিরস্ত্র) এবং এএসআই (নিরস্ত্র) থেকে এসআই (নিরস্ত্র) পদে পদোন্নতির লক্ষ্যে এ পরীক্ষার আয়োজন করা হয়।
বিভাগীয় পদোন্নতি পরীক্ষা গ্রহণ কমিটির সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহের পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান, পিপিএম-সেবা। কমিটির সদস্য হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শেখ বিল্লাল হোসেন এবং কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ফয়সাল মাহমুদ।
পরীক্ষা গ্রহণ কমিটির সদস্যরা আশা প্রকাশ করেন, এ বিভাগীয় পদোন্নতি পরীক্ষার মাধ্যমে যোগ্য, দক্ষ ও দায়িত্বশীল পুলিশ সদস্যরা পদোন্নতির পরবর্তী ধাপে উন্নীত হওয়ার সুযোগ পাবেন। পাশাপাশি তাঁদের পেশাগত দক্ষতা, নেতৃত্বের সক্ষমতা ও দায়িত্ববোধ আরও বৃদ্ধি পাবে।
এ সময় ঝিনাইদহ পুলিশ লাইন্সের আরআই, রিজার্ভ অফিসের সদস্যসহ প্যারেড পরীক্ষার্থীরা উপস্থিত ছিলেন।