নওয়াব আলী, মাগুরা প্রতিনিধিঃ
মাগুরায় বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তদের মাঝে ক্ষতিপূরণের এলএ (Land Acquisition) চেক বিতরণ করা হয়েছে।
আজ ৮ অক্টোবর ২০২৬ তারিখে জেলা প্রশাসন মাগুরার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে ক্ষতিগ্রস্তদের হাতে এসব চেক তুলে দেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোতাকাব্বীর আহমেদ।
অনুষ্ঠানে মোট ৭০টি এলএ চেকের বিপরীতে ২ কোটি ৫৮ লক্ষ ৮৬ হাজার ৯৬৬ টাকা ২৭ পয়সা ক্ষতিপূরণ প্রদান করা হয়। বিতরণকৃত এই অর্থ বাংলাদেশ রেলওয়ের মধুখালী থেকে কামারখালী হয়ে মাগুরা পর্যন্ত ব্রডগেজ রেললাইন নির্মাণ প্রকল্প এবং মাগুরা-শ্রীপুর মহাসড়কের বাঁক সরলীকরণ ও সম্প্রসারণ প্রকল্পের আওতাধীন ক্ষতিগ্রস্তদের প্রদান করা হয়েছে।
ক্ষতিগ্রস্তদের ন্যায্য পাওনা নিশ্চিত করতে প্রচলিত আইন, বিধি-বিধান ও প্রশাসনিক প্রক্রিয়া অনুসরণ করে এ অর্থ দেওয়া হচ্ছে উল্লেখ করে জেলা প্রশাসন জানান, ক্ষতিপূরণ প্রদানের প্রতিটি ধাপে স্বচ্ছতা, নিরপেক্ষতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হচ্ছে।
অনুষ্ঠানে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত ব্যক্তিবর্গ এবং স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।