নওয়াব আলী মাগুরাঃ
মাগুরার শ্রীপুরে উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অফিসের যৌথ উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে।
সোমবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি আনন্দ র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল গণি।
আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মো. বাকিবিল্লাহ, জি. কে. আইডিয়াল ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহানা ফেরদৌস হ্যাপী, কলেজ পর্যায়ে খুলনা বিভাগের শ্রেষ্ঠ/গুণী শিক্ষক ড. মুসাফির নজরুল, টিকারবিলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নির্মল কুমার চক্রবর্তী এবং তখলপুর হাতেম আলী দাখিল মাদ্রাসার সুপার মোহাম্মদ আলী জিন্নাহ।
অনুষ্ঠান শেষে খুলনা বিভাগের গুণী শিক্ষক ড. মুসাফির নজরুলকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। এ সময় শ্রীপুর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষক-শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়া বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে মাগুরা সদর, শালিখা ও মহম্মাদপুর উপজেলাতেও অনুরূপ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি উদযাপিত হয়েছে।