তানভীর সরদারঃ
শিশুদের মধ্যে পাখি ও প্রকৃতির প্রতি ভালোবাসা তৈরি এবং জীববৈচিত্র্য সংরক্ষণে সচেতনতা বাড়াতে ঝিনাইদহে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী আয়োজন ‘পাখি মেলা ২০২৬’।
শনিবার (৩ অক্টোবর) সকালে মর্নিংবেল চিলড্রেন একাডেমির বিদ্যালয় প্রাঙ্গণে এ মেলার আয়োজন করা হয়। ‘পাখি বাঁচাই, প্রকৃতি বাঁচাই’—এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত মেলায় বিভিন্ন প্রজাতির পাখি প্রদর্শনের পাশাপাশি শিশুদের পাখি পর্যবেক্ষণের সুযোগ দেওয়া হয়।
মেলায় কাকাতুয়া, ময়না, টিয়া, ককাটেল, লাভবার্ডসহ বিভিন্ন প্রজাতির পাখি প্রদর্শন করা হয়। কাছ থেকে পাখি দেখার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত হয়ে ওঠে শিশুরা। তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বিদ্যালয় প্রাঙ্গণে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।
আয়োজকরা জানান, ছোটবেলা থেকেই শিশুদের প্রকৃতি ও জীববৈচিত্র্যের সঙ্গে পরিচিত করা গেলে তাদের মধ্যে পরিবেশের প্রতি দায়িত্ববোধ তৈরি হবে। একই সঙ্গে পাখি ও প্রকৃতি সংরক্ষণেও তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।
মর্নিংবেল চিলড্রেন একাডেমির পরিচালক সাহানুর রহমান লিটন বলেন, ‘এ ধরনের আয়োজন শিশুদের প্রকৃতিপ্রেমী করে গড়ে তুলবে। তারা পাখিপ্রেমী হওয়ার পাশাপাশি পরিবেশ সম্পর্কেও সচেতন হবে। নিয়মিত এ ধরনের আয়োজন করা গেলে শিশুরা মাদক ও কিশোর গ্যাংয়ের মতো সামাজিক ব্যাধি থেকেও দূরে থাকতে পারবে।’