
ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহ সদর উপজেলার ব্যাকা ব্রীজ বাজার, পাগলাকানাই বাজার ও জিয়ানগর বাজারে বাজার তদারকিমূলক অভিযান পরিচালনা করে চারটি প্রতিষ্ঠানকে মোট ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঝিনাইদহ জেলা কার্যালয়ের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে মুদি দোকান, ডিমের দোকান, হোটেল ও মাংসের দোকানে তদারকি করা হয়। এ সময় নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রি এবং নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন ও সংরক্ষণসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।
অভিযানে ব্যাকা ব্রীজ বাজারের দুটি প্রতিষ্ঠানকে ২ হাজার টাকা, পাগলাকানাই বাজারের একটি প্রতিষ্ঠানকে ১ হাজার টাকা এবং জিয়ানগর বাজারের একটি প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী চারটি প্রতিষ্ঠানকে সর্বমোট ৮ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
এছাড়া অভিযানের সময় জব্দ করা মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য জনসম্মুখে ধ্বংস করা হয়।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঝিনাইদহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নিশাত মেহেরের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। অভিযানে সহযোগিতা করেন জেলা প্রাণিসম্পদ দপ্তরের জেলা প্রশিক্ষণ কর্মকর্তা ডা. মনোজিৎ কুমার মন্ডল, সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মিনাক্ষী নাগ এবং সদর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. বুলবুল আহমেদ। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলা পুলিশের একটি দল দায়িত্ব পালন করে।
ভোক্তাদের স্বার্থ সংরক্ষণ ও বাজারে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের তদারকিমূলক অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।