নিজস্ব প্রতিনিধিঃ
সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ‘শিক্ষার্থীদের আবদারে সাড়া—ইতালি প্রবাসী রিন্টু মিয়ার মিষ্টি বিতরণ’ শিরোনামের সংবাদে অনিচ্ছাকৃতভাবে কিছু তথ্যের ভুল উপস্থাপন হয়েছিল। প্রকৃতপক্ষে, বিষয়খালী শহীদ মোস্তফা স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীদের মাঝে মিষ্টি বিতরণটি ছিল ইতালি প্রবাসী রিন্টু মিয়ার সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে।
এ বিষয়ে রিন্টু মিয়া জানান, তিনি নিজেও এই প্রতিষ্ঠানের একজন সাবেক শিক্ষার্থী। দীর্ঘদিন ধরেই তার ইচ্ছা ছিল নিজের প্রিয় শিক্ষাপ্রতিষ্ঠানে এসে শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নেওয়া এবং মিষ্টি খাওয়ানোর। সেই ইচ্ছা থেকেই তিনি ব্যক্তিগত উদ্যোগে এ আয়োজন করেন।
বুধবার, ১৯ আগস্ট ২০২৬ তারিখে প্রকাশিত পূর্বের সংবাদে ‘শিক্ষার্থী ও শিক্ষকদের আবদারে’ মিষ্টি বিতরণের বিষয়টি উল্লেখ করা হয়েছিল। তবে রিন্টু মিয়ার দেওয়া তথ্যের ব্যাখ্যা অনুযায়ী, এটি মূলত তার নিজের দীর্ঘদিনের ইচ্ছা ও ব্যক্তিগত উদ্যোগে আয়োজিত ছিল।
এছাড়া ওইদিন প্রতিষ্ঠানের সভাপতি উপস্থিত ছিলেন না। উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষসহ শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা। অনুষ্ঠানে বিষয়খালী হাজী আম্বর আলী হাফিজিয়া মাদ্রাসার মহতামিম আনিসুর রহমান বিশেষ মোনাজাত পরিচালনা করেন।
রিন্টু মিয়া বলেন, “আমি এই প্রতিষ্ঠানের সাবেক ছাত্র। দীর্ঘদিনের ইচ্ছা ছিল আমার প্রিয় শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও সবার সঙ্গে আনন্দ ভাগাভাগি করার। সেই ইচ্ছা থেকেই ব্যক্তিগত উদ্যোগে মিষ্টি খাওয়ানোর আয়োজন করেছি। দেশের বাইরে থাকলেও এই প্রতিষ্ঠান ও এলাকার মানুষের প্রতি আমার ভালোবাসা ও আত্মিক সম্পর্ক রয়েছে।”
তিনি আরও বলেন, সাংবাদিকদের তথ্য দেওয়ার সময় অনিচ্ছাকৃতভাবে কিছু তথ্য ভুলভাবে উপস্থাপিত হয়েছিল। এ কারণে বিষয়টি সংশোধন করে দেখার জন্য তিনি সংশ্লিষ্ট সবার প্রতি অনুরোধ জানান এবং অনিচ্ছাকৃত ভুলের জন্য ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার আহ্বান জানান।
মিষ্টি বিতরণকে ঘিরে শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীদের মধ্যে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। একজন সাবেক শিক্ষার্থী হিসেবে রিন্টু মিয়ার এমন ব্যক্তিগত উদ্যোগকে স্বাগত জানান উপস্থিত শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা।
তথ্য সংশোধন ও অনিচ্ছাকৃত ভুলের জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। পাঠক ও সংশ্লিষ্ট সবার কাছে বিষয়টি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইল।