তানভীর সরদারঃ
ঝিনাইদহ শহরের আরাপপুর চাঁনপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৯০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। রবিবার (১০ মে) সন্ধ্যায় ওয়ালটন শোরুমের পেছনে অবস্থিত ‘আপন ম্যানশন’ নামের একটি বাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— ইসলামী বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগের মাস্টার্সের ছাত্র পাগলা কানাই এলাকার সোহরাব বিশ্বাস, সরকারি কেশব চন্দ্র কলেজের গণিত বিভাগের মাস্টার্সের ছাত্র হরিণাকুন্ডু উপজেলার সাইমন আহমেদ এবং মাগুরা জেলার শ্রীরামপুর এলাকার রতন।
ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মারুফ হোসেনের নেতৃত্বে পরিচালিত অভিযানে তাদের কাছ থেকে ৯০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, ‘আপন ম্যানশন’ নামের বাড়িটি ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল একটি চক্র। এছাড়া বিভিন্ন এলাকার মাদকসেবীরা ওই বাসায় নিয়মিত আড্ডা জমাতো বলেও অভিযোগ রয়েছে।
ডিবি পুলিশ আরও জানায়, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এলাকায় মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে পুলিশ।