তানভীর সরদারঃ
ঝিনাইদহের কালীগঞ্জে নিজেকে জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) উচ্চপদস্থ কর্মকর্তা পরিচয় দিয়ে নিয়ম ভঙ্গ করে তেল নেওয়ার চেষ্টা করতে গিয়ে এক যুবক ধরা পড়েছেন। পরে জিজ্ঞাসাবাদে তার পরিচয় ভুয়া প্রমাণিত হলে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়।
সোমবার দুপুরে কালীগঞ্জ শহরের কোটচাঁদপুর সড়কের এস আর ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওই ব্যক্তি নিয়ম না মেনে তেল নেওয়ার চেষ্টা করলে পাম্পে দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা তাকে বাধা দেন। এতে তিনি উত্তেজিত হয়ে উচ্চকণ্ঠে নিজেকে এনএসআইয়ের উচ্চপদস্থ কর্মকর্তা দাবি করেন এবং উপস্থিতদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। এতে এলাকায় অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হয়।
তার আচরণ সন্দেহজনক মনে হলে উপস্থিত মোটরসাইকেল চালক ও পাম্পের কর্মকর্তা-কর্মচারীরা স্থানীয় থানা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে।
জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তিনি একেক সময় একেক ধরনের পরিচয় দেন। কখনও নিজেকে এনএসআই কর্মকর্তা, আবার কখনও ন্যাশনাল প্রেস সোসাইটির সদস্য বলে দাবি করেন। তার কাছে থাকা একটি আইডি কার্ডে ‘হাফিজ উল্লাহ’ নাম উল্লেখসহ ‘আরব রিপাবলিক অব ইজিপ্ট’ লেখা এবং কিছু আরবি ভাষার তথ্য পাওয়া যায়। এছাড়া তার কাছ থেকে একটি বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র (এনআইডি) উদ্ধার করা হয়, যেখানে একই নাম ও স্থানীয় ঠিকানা উল্লেখ ছিল।
এ সময় তিনি একটি কথিত এনএসআই পরিচয়পত্রও দেখান, যা যাচাইয়ে ভুয়া বলে প্রমাণিত হয়।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জেল্লাল হোসেন জানান, আটক ব্যক্তি ভুয়া পরিচয় দিয়েছেন এবং জিজ্ঞাসাবাদে বিভ্রান্তিকর তথ্য দিয়েছেন। পরে জেলা থেকে আসা এনএসআই কর্মকর্তাদের একটি দল তাকে জিজ্ঞাসাবাদ করে তার দাবি অসত্য বলে নিশ্চিত করে। পরবর্তীতে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়।
ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয়রা এ ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ড রোধে প্রশাসনের আরও কঠোর নজরদারির দাবি জানিয়েছেন।