মুহাম্মদ এমরান,লামা (বান্দরবান) প্রতিনিধিঃ
বান্দরবানের লামা উপজেলার ইয়াংছা জীনামেজু অনাথ আশ্রমে নানা আয়োজনের মধ্য দিয়ে বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শুভ প্রবারণা পূর্ণিমা ২০২৬ উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে আশ্রমের এতিম, অসহায় ও দরিদ্র শিশুদের মাঝে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে উপহার সামগ্রী বিতরণ করা হয়। পরে ফানুস উড়িয়ে উৎসবের উদ্বোধন এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম সেনা জোনের ক্যাপ্টেন মুনতাসির মহিউদ্দিন শান্ত, গজালিয়া আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার। তিনি আলীকদম সেনা জোনের জোন কমান্ডারের পক্ষ থেকে লামা উপজেলার বৌদ্ধ সম্প্রদায়ের সদস্যদের প্রবারণা পূর্ণিমার শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
জীনামেজু অনাথ আশ্রমের পরিচালক উঃ নন্দমালা মহাথের’র সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আশ্রমের উপদেষ্টা, সাংবাদিক ও মানবাধিকারকর্মী এম. রুহুল আমিন, ২৮৪ নম্বর ইয়াংছা মৌজার হেডম্যান ক্যচিংহ্লা মারমা, সাংবাদিক এমরানসহ আশ্রমের সংশ্লিষ্ট ব্যক্তি ও স্থানীয় গণ্যমান্যরা।
আলোচনা সভায় প্রধান অতিথি ক্যাপ্টেন মুনতাসির মহিউদ্দিন শান্ত বলেন, প্রবারণা পূর্ণিমা বৌদ্ধ সম্প্রদায়ের একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব। এ ধরনের আয়োজন মানুষের মধ্যে শান্তি, সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক শ্রদ্ধা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি বলেন, বাংলাদেশ সেনাবাহিনী এলাকার শান্তি, সম্প্রীতি, জননিরাপত্তা ও উন্নয়নে কাজ করে যাচ্ছে। স্থানীয় জনগণের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রমেও সহযোগিতা করা হচ্ছে। ইয়াংছা জীনামেজু অনাথ আশ্রমের এতিম ও অসহায় শিশুদের কল্যাণে সেনাবাহিনীর সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাসও দেন তিনি।
অনুষ্ঠানে সেনাবাহিনীর পক্ষ থেকে আশ্রমের শিশুদের হাতে উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। আলোচনা সভা শেষে প্রধান অতিথি ফানুস উড়িয়ে প্রবারণা পূর্ণিমা উৎসবের উদ্বোধন করেন। এ সময় আশ্রম প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
আশ্রম কর্তৃপক্ষ আশা প্রকাশ করেন, সেনাবাহিনী, জনপ্রতিনিধি, সমাজের বিত্তবান ব্যক্তি ও সচেতন নাগরিকদের সহযোগিতায় আশ্রমের শিশুদের শিক্ষা, সেবা ও কল্যাণমূলক কার্যক্রম আরও এগিয়ে নেওয়া সম্ভব হবে। ধর্মীয় এ আয়োজনের মধ্য দিয়ে এলাকার বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি, সৌহার্দ্য ও মানবিক সহযোগিতা আরও সুদৃঢ় হবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিত অতিথিরা।