মোঃ সুরুজ,নিজস্ব প্রতিনিধিঃ
ঝিনাইদহের কোটচাঁদপুর পৌর শহরের মেইন বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি দোকান সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রাথমিকভাবে প্রায় ২০ থেকে ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। শনিবার (১৭ জানুয়ারি) রাত আনুমানিক ৯টার দিকে পৌর শহরের দুধসারা সড়কে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে কোটচাঁদপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের দুটি ইউনিট। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পরে মহেশপুর উপজেলা থেকে আরও একটি ইউনিট যোগ দেয়। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এ সময় সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত থেকে উৎসুক জনতাকে নিয়ন্ত্রণে রাখেন। স্থানীয় লোকজনও আগুন নেভানোর কাজে সহায়তা করেন।
কোটচাঁদপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবুল হাশেম জানান, রাত ৯টার পর আগুন লাগার সংবাদ পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে ইউনিট পাঠানো হয়। আগুনে একটি ফুচকা হাউজ ও একটি চট ও বস্তার দোকান সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়েছে। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তাৎক্ষণিকভাবে তা নির্ধারণ করা সম্ভব হয়নি।
আগুনে ক্ষতিগ্রস্ত চট ব্যবসায়ী তৌহিদুল ইসলাম জানান, তিনি রাত ৭টার দিকে দোকান বন্ধ করে বাড়ি যান। পরে রাত সাড়ে ৯টার দিকে দোকানে আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসেন। তিনি অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে পাশের দোকানের ব্যবসায়ী ডাবলু তাকে হুমকি দিয়ে আসছিলেন। আগেও তার বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে এবং দোকানে আগুন লাগিয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয়েছিল। এ ঘটনার জন্য তিনি প্রতিবেশী ব্যবসায়ী ডাবলুকে দায়ী করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় দুই বছর আগেও একই স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। বারবার অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।
ঘটনার কারণ অনুসন্ধানে ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত কার্যক্রম শুরু করেছে।