তানভীর সরদারঃ
টাঙ্গাইলের মির্জাপুরে চোখের অপারেশনের জন্য হাসপাতালে ভর্তি হওয়ার পর জমিলা খাতুন (৫৯) নামে এক নারী নিখোঁজ হয়েছেন। হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পেরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও এখন পর্যন্ত তার সন্ধান পাননি।
নিখোঁজ জমিলা খাতুন ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার দবরদস্তা, রাধাকানাই এলাকার বাসিন্দা। তার বাবার নাম ওয়েদ আলী।
পরিবার সূত্রে জানা যায়, গত ১৪ আগস্ট বৃহস্পতিবার চোখের অপারেশনের জন্য টাঙ্গাইলের মির্জাপুর পাবলিক হাসপাতালে ভর্তি হন জমিলা খাতুন। ওই দিনই তার চোখের অপারেশন করা হয়। পরদিন ১৫ আগস্ট শুক্রবার বিকেলে হাসপাতাল কর্তৃপক্ষ পরিবারের সদস্যদের জানায়, জমিলা খাতুনকে হাসপাতালে খুঁজে পাওয়া যাচ্ছে না।
খবর পেয়ে পরিবারের সদস্যরা হাসপাতালে গিয়ে বিভিন্ন ওয়ার্ড ও আশপাশের এলাকায় খোঁজ করেন। পরে বিভিন্ন স্থানেও সন্ধান চালানো হয়। তবে এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
হাসপাতালে ভর্তি ও চোখের অপারেশনের পর একজন রোগী কীভাবে নিখোঁজ হলেন—এ নিয়ে পরিবারের সদস্যদের মধ্যে উদ্বেগ ও নানা প্রশ্ন দেখা দিয়েছে। বিষয়টি তদন্ত করে হাসপাতালের সিসিটিভি ফুটেজসহ সংশ্লিষ্টদের বক্তব্য যাচাই করার দাবি জানিয়েছেন স্বজনরা।
জমিলা খাতুনের সন্ধান পেলে অনুগ্রহ করে ০১৬২৫-১৩৭৭১৯ অথবা ০১৯৭১-৪৬০৯৭২ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে। পাশাপাশি নিকটস্থ থানা-পুলিশকে বিষয়টি জানানোর অনুরোধ জানিয়েছে পরিবার।
পাঠকদের প্রতি অনুরোধ—নিখোঁজ নারীর সন্ধানে সংবাদটি বেশি বেশি শেয়ার করুন।