তানভীর সরদারঃ
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, আইন সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো জুলাই সনদের আলোকে বাস্তবায়ন করা হবে। তিনি জানান, কমিশনের সুপারিশের ভিত্তিতে অন্তর্বর্তীকালীন সরকার ১৩৩টি অধ্যাদেশ জারি করেছিল। এর মধ্যে প্রায় সবগুলোর সংস্কার সরকার গ্রহণ করেছে। অবশিষ্ট বিষয়গুলো পর্যালোচনা ও সংশোধনের জন্য একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার (৩১ জুলাই) বেলা ১১টার দিকে ঝিনাইদহ শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বরে জেলা প্রশাসনের আয়োজনে বৃক্ষরোপণ ও মাসব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, “জুলাই সনদের আলোকে সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়া হবে। যেসব আইনে আরও সংশোধনের প্রয়োজন রয়েছে, সেগুলোও পর্যায়ক্রমে সম্পন্ন করা হবে।”
শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গে তিনি বলেন, “তিনি যদি দেশে ফিরতে চান, তাহলে সরকার আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। তিনি নিজেই দেশে আসার কথা বলেছেন। দেশে এলে তাকে আদালতের মুখোমুখি হতে হবে। সরকার আইনের বাইরে কোনো পদক্ষেপ নেবে না।”
হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় নেতাদের ওপর হামলার ঘটনায় দায়ের হওয়া মামলা সম্পর্কে আইনমন্ত্রী বলেন, “সরকার যদি আইন, আদালত, পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীকে নিয়ন্ত্রণ করত, তাহলে মামলাই হতো না। যেহেতু মামলা হয়েছে, তাই যথাযথ আইনগত প্রক্রিয়ায় তদন্ত হবে। তদন্তে যারা অভিযুক্ত হিসেবে প্রমাণিত হবে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এ সময় উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত, প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান, ঝিনাইদহ জেলা প্রশাসক নোমান হোসেন, জেলা পরিষদের প্রশাসক এম. এ. মজিদসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন পর্যায়ের অতিথিরা।