মোঃ মিজানুর রহমান মিন্টু, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ২নং তিরনইহাট ইউনিয়নে ২০২৫-২০২৬ অর্থ বছরের ইউপি উন্নয়ন সহায়তা বিবিজি ১ম ও ২য় কিস্তির অর্থায়নে গরীব, অসহায় ও দুস্থ পরিবারের মাঝে বিনামূল্যে টিউবওয়েল বিতরণ করা হয়েছে।
ইউনিয়নের ১নং ওয়ার্ডের রওশনপুর ও নাজিরাগছ গ্রামের বেশ কিছু অসচ্ছল পরিবারের সুপেয় পানির কষ্ট দূরীকরণে এই উদ্যোগ নেওয়া হয়। সরকারি নীতিমালা অনুযায়ী তালিকাভুক্ত সুবিধাভোগীদের মাঝে সম্পূর্ণ সরকারি অর্থায়নে ১ সেট করে টিউবওয়েল বিতরণ করা হচ্ছে।
এ বিষয়ে ২নং তিরনইহাট ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আলিউল ইসলাম জানান, “সরকারের বরাদ্দকৃত উন্নয়ন সহায়তা সঠিকভাবে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে আমরা নিরলস কাজ করছি। অত্যন্ত স্বচ্ছতার সাথে প্রকৃত গরীব, অসহায় ও দুস্থ পরিবারগুলোকে বাছাই করে এই টিউবওয়েল বিতরণ করা হচ্ছে, যেন গ্রামীণ জনপদে সুপেয় পানির কোনো অভাব না থাকে।”
টিউবওয়েল বিতরণ কর্মসূচির বিষয়ে ২নং তিরনইহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলমগীর হোসেন বলেন, “জনগণের মৌলিক চাহিদা পূরণ এবং স্বাস্থ্যসম্মত সুপেয় পানি নিশ্চিত করা আমাদের অন্যতম লক্ষ্য। তিরনইহাট ইউনিয়নের একটি মানুষও যেন বিশুদ্ধ পানির অধিকার থেকে বঞ্চিত না হয়, আমরা সেই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। পর্যায়ক্রমে ইউনিয়নের অন্যান্য ওয়ার্ডের প্রকৃত দুস্থ ও অসহায় পরিবারগুলোর মাঝেও এই উন্নয়ন ও সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।”
এদিকে ১নং ওয়ার্ডের সুবিধাভোগী মোঃ আজিবদ্দীন, মোঃ হাবিবুর রহমান, মোঃ কহিনুর রহমান, মোছাঃ মোখছেদা আক্তার এবং মোঃ তৈবুর হক সহ অন্যান্যরা এই সহায়তা পেয়ে আনন্দ প্রকাশ করেন। তারা জানান, এই টিউবওয়েল পাওয়ার ফলে তাদের এলাকায় বিশুদ্ধ পানির সংকট অনেকটাই কেটে যাবে।