
তানভীর সরদারঃ
টানা বৃষ্টিতে ঝিনাইদহ শহরের সায়াদাতিয়া সড়কসহ বিভিন্ন পাড়া-মহল্লা ও অসংখ্য ঘরবাড়িতে পানি ঢুকে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। জলাবদ্ধতায় স্থবির হয়ে পড়েছে জনজীবন। এই দুর্ভোগ থেকে স্থায়ী মুক্তির দাবিতে খাল পুনঃখনন ও ড্রেনেজ ব্যবস্থা সংস্কারের দাবিতে মানববন্ধন করেছে ঝিনাইদহ উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি।
রবিবার (১২ জুলাই ২০২৬) বিকালে ঝিনাইদহ শহরের পাগলাকানাই মোড়ে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা বলেন, বছরের পর বছর জলাবদ্ধতার কারণে শহরবাসী দুর্ভোগ পোহালেও কার্যকর কোনো উদ্যোগ দেখা যায়নি। সামান্য বৃষ্টিতেই রাস্তাঘাট ও বাসাবাড়ি পানিতে তলিয়ে যায়। এতে শিক্ষার্থী, ব্যবসায়ী, চাকরিজীবীসহ সব শ্রেণি-পেশার মানুষ ভোগান্তিতে পড়ছেন।
বক্তারা বলেন, খাল দখল, অপরিকল্পিত নগরায়ণ এবং অকার্যকর ড্রেনেজ ব্যবস্থার কারণেই আজ শহরের এই করুণ অবস্থা। অবিলম্বে খাল পুনঃখনন, অবৈধ দখল উচ্ছেদ এবং আধুনিক ড্রেনেজ ব্যবস্থা গড়ে তোলার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানানো হয়। অন্যথায় বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।

মানববন্ধনে উপস্থিত ছিলেন ঝিনাইদহ উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক প্রকৌশলী আবুল বাশার, সহ-সভাপতি আব্দুল সুবুর ও আশরাফুল হোসেন, সাংগঠনিক সম্পাদক ফখরুদ্দিন মুন্না, প্রচার সম্পাদক আলমিরাজ, সহ-প্রচার সম্পাদক ইনজামুল হক, সমাজসেবক আলমগীর হোসেন, সাংবাদিক আসাদ মন্তল, সাংবাদিক সুরুজ বাঙ্গালী, বিশিষ্ট ব্যক্তিবর্গ, এলাকাবাসী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
মানববন্ধন শেষে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের মাধ্যমে ঝিনাইদহ শহরকে জলাবদ্ধতার অভিশাপ থেকে মুক্ত করার জন্য সরকারের সংশ্লিষ্ট দপ্তরের প্রতি জোরালো আহ্বান জানানো হয়।