সুরুজ বাঙালীঃ
ঝিনাইদহ সদর উপজেলার মধুহাটি ইউনিয়নের চোরকোল গ্রামে অভিযান চালিয়ে একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত মো. শামীম মিয়া (২৫) চোরকোল গ্রামের মৃত গোলাম মোস্তফার ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার (১১ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে বাজার গোপালপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মাজারুল ইসলাম ও এএসআই কামরুল হাসানের নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নিজ বাড়ি থেকে মো. শামীম মিয়াকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের দাবি, শামীম মিয়ার বিরুদ্ধে ঝিনাইদহ, হরিণাকুণ্ডু, চুয়াডাঙ্গা, মেহেরপুর, যশোরের অভয়নগরসহ খুলনা ও রাজশাহী বিভাগের বিভিন্ন এলাকায় দায়ের হওয়া একাধিক মামলায় আদালতের জারি করা ওয়ারেন্ট রয়েছে।
স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। তার গ্রেপ্তারের ঘটনায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে বলে তারা মন্তব্য করেন এবং সফল অভিযানের জন্য পুলিশ সদস্যদের ধন্যবাদ জানান।
গ্রেপ্তারের পর তাকে ঝিনাইদহ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে আদালতের জারি করা একাধিক ওয়ারেন্ট রয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাকে আদালতে সোপর্দ করা হবে।