তানভীর সরদারঃ
“চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে—মাদককে না বলি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহ সদর উপজেলার ৯নং পোড়াহাটি ইউনিয়নের মধুপুর বাজারে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন ২০২৬) সকাল ১১টায় মধুপুর বাজারে আয়োজিত এ সমাবেশে এলাকার যুবসমাজ ও ছাত্রসমাজকে মাদকের ভয়াল ছোবল থেকে রক্ষার আহ্বান জানানো হয়। অনুষ্ঠানের আয়োজন করেন মধুপুর বাজারের ব্যবসায়ীবৃন্দ।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৯নং পোড়াহাটি ইউনিয়ন যুবদলের অন্যতম নেতা, মধুপুর দাখিল মাদ্রাসার সভাপতি এবং মধুপুর বাজার কমিটির সাধারণ সম্পাদক মোঃ রাকিব মোল্লা।
এছাড়াও উপস্থিত ছিলেন মধুপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, মধুপুর দাখিল মাদ্রাসার প্রধান শিক্ষক, মধুপুর বাজার কমিটির সাংগঠনিক সম্পাদক শেখ মোঃ আশরাফ এবং হিসাবরক্ষক মোঃ মিল্টন হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝিনাইদহ সদর থানা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক মোঃ সাকিব হোসেন।
বক্তারা বলেন, মাদক একটি সমাজ ও রাষ্ট্রের জন্য ভয়াবহ অভিশাপ। মাদকের কারণে যুবসমাজ ধ্বংসের পথে এগিয়ে যাচ্ছে। তাই পরিবার, সমাজ ও প্রশাসনের পাশাপাশি সবাইকে ঐক্যবদ্ধভাবে মাদকের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। তারা মাদকমুক্ত সমাজ গঠনে সকলের সহযোগিতা কামনা করেন।
সমাবেশ শেষে মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন কর্মসূচি গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।