মোঃ আল আমিন মালদ্বীপ প্রতিনিধিঃ
পবিত্র মহররম ও আশুরা উপলক্ষে মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের সাংস্কৃতিক সংগঠন বন্ধু মহল শিল্পী গোষ্ঠী-র আয়োজনে আহলে বায়েতের স্মরণে এক হৃদয়স্পর্শী কাশিদা ও মারফতি গানের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
১৮ ই জুন রোজ বৃহস্পতিবার রাত দশটায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বন্ধু মহল শিল্পী গোষ্ঠীর সভাপতি সাধক মোঃ ওয়াসিম মিয়ার সভাপতিত্বে ও সংগঠনের সহ সভাপতি মোঃ সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। এ সময় অনুষ্ঠানের প্রধান বক্তার বক্তব্যে প্রবাসী অধিকার পরিষদ মালদ্বীপ শাখার উপদেষ্টা ও গণ-অধিকার পরিষদের পরিবেশ ও জলবায়ু বিষয়ক সম্পাদক মোঃ দুলাল আল মাইজভান্ডারি
বলেন, পবিত্র মহররম মুসলিম উম্মাহর জন্য ত্যাগ, সত্য ও ন্যায়ের প্রতীক। কারবালার শোকাবহ ঘটনার শিক্ষা মানবতার কল্যাণে কাজ করার প্রেরণা জোগায়।
অনুষ্ঠানে শিল্পীরা আহলে বায়েতের স্মরণে কাশিদা, হামদ, নাত ও মারফতি গান পরিবেশন করেন। পরিবেশিত গান ও আলোচনা উপস্থিত দর্শকদের মধ্যে এক আবেগঘন ও ধর্মীয় অনুভূতির সৃষ্টি করে।
আয়োজকরা জানান, প্রবাসে অবস্থান করেও ইসলামের ইতিহাস, সংস্কৃতি ও আধ্যাত্মিক চেতনাকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যেই এ ধরনের আয়োজন করা হয়। তারা ভবিষ্যতেও প্রবাসীদের নিয়ে ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠান অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠান শেষে মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং দেশ-বিদেশে বসবাসরত সকল প্রবাসী বাংলাদেশির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।