মোঃ সুরুজ বাঙালী, নিজস্ব প্রতিনিধিঃ
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় পুকুরের পানিতে ডুবে মো. অরিন হোসেন (৮) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১৩ জুন) বিকেলে উপজেলার দোড়া ইউনিয়নের সুয়াদি গ্রামে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।
নিহত অরিন হোসেন কোটচাঁদপুর পৌর শহরের বিশিষ্ট স্যানিটারি ব্যবসায়ী মো. আমজাদ হোসেন রনির একমাত্র ছেলে।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার অরিন তার বাবা-মায়ের সঙ্গে নিজ গ্রাম সুয়াদিতে দাদার বাড়িতে বেড়াতে যায়। বিকেলে বাড়ির অন্য শিশুদের সঙ্গে খেলাধুলার একপর্যায়ে সবার অগোচরে বাড়ির পাশের একটি পুকুরে পড়ে যায় সে। দীর্ঘ সময় তাকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা চারদিকে অনুসন্ধান শুরু করেন। পরে পুকুরের পানিতে ভাসমান অবস্থায় তাকে উদ্ধার করা হয়।
গুরুতর অবস্থায় দ্রুত কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শিশুটির আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় বাসিন্দারা জানান, অরিন ছিল অত্যন্ত প্রাণবন্ত ও সবার প্রিয় একটি শিশু। তার এমন অকাল মৃত্যু কেউ মেনে নিতে পারছেন না।
স্থানীয় একাধিক ব্যক্তি বলেন, “খেলতে খেলতে যে পুকুরটি শিশুটির জন্য মরণফাঁদ হয়ে দাঁড়াবে, তা কেউ কল্পনাও করতে পারেনি। এই মৃত্যু পুরো গ্রামকে শোকাহত করেছে।”
এদিকে কোটচাঁদপুর ব্যবসায়ী সমিতির পক্ষ থেকেও গভীর শোক ও সমবেদনা জানানো হয়েছে। একমাত্র সন্তানকে হারিয়ে বাবা মো. আমজাদ হোসেন রনি ও পরিবারের সদস্যরা শোকে স্তব্ধ হয়ে পড়েছেন।
পারিবারিক আবেদনের প্রেক্ষিতে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানা গেছে।