নাবিল রাফসান প্লাবন, ঝিনাইদহঃ
ঝিনাইদহের মহেশপুরে নেশার টাকা না দেওয়ায় মাকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে মাদকাসক্ত ছেলের বিরুদ্ধে। শুক্রবার (১৪ আগস্ট) ভোরে উপজেলার শ্যামকুড় গ্রামে এ ঘটনা ঘটে। পরে পালিয়ে যাওয়ার সময় স্থানীয়দের ধাওয়ায় অভিযুক্ত ছেলে এখলাস উদ্দিনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।
নিহত শখের বানু (৫৫) শ্যামকুড় গ্রামের বাসিন্দা। স্থানীয় জনপ্রতিনিধি ও স্বজনদের দাবি, এখলাস উদ্দিন দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। নেশার টাকার জন্য তিনি প্রায়ই মায়ের সঙ্গে খারাপ আচরণ ও নির্যাতন করতেন।
স্থানীয় ইউপি সদস্য শহিদুল ইসলাম জানান, শুক্রবার ভোরে নেশার জন্য মায়ের কাছে টাকা চান এখলাস। টাকা না পেয়ে একপর্যায়ে কাঁচি দিয়ে মায়ের গলায় আঘাত করেন। পরে ছোট ছেলের স্ত্রী খাবার দিতে গিয়ে শখের বানুকে রক্তাক্ত অবস্থায় বিছানায় পড়ে থাকতে দেখেন। তাঁর চিৎকারে পরিবারের সদস্য ও স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করেন।
ঘটনার পর এখলাস উদ্দিন পালিয়ে ভারতে যাওয়ার চেষ্টা করেন বলে জানান স্থানীয়রা । এ সময় গ্রামবাসী ধাওয়া করে তাকে আটক করেন। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
ঘটনার বিষয়ে ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার বিল্লাল হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত এখলাস উদ্দিনকে আটক করে থানায় নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে তিনি মাদকাসক্ত ছিলেন বলে জানা গেছে। ঘটনার বিষয়ে তদন্ত চলছে।