তানভীর সরদারঃ
ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২০২৬ এর আওতায় ঝিনাইদহ জেলা ক্রীড়া অফিসের আয়োজনে বিশেষ চাহিদাসম্পন্ন শিশু-কিশোরদের অংশগ্রহণে দিনব্যাপী ক্রীড়া উৎসব অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে সরকারি বাক ও শ্রবণ প্রতিবন্ধী আবাসিক বিদ্যালয় মাঠে এই ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। দিনব্যাপী আয়োজিত এ উৎসবে ১৮টি ইভেন্টে অংশ নেয় বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। খেলাগুলোতে অংশগ্রহণকারী শিশু-কিশোরদের উৎসাহ-উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো।
খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বিভিন্ন ইভেন্টে ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পাশাপাশি সকল প্রতিযোগীকেই সান্ত্বনা পুরস্কার প্রদান করা হয়।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ঝিনাইদহ জেলা ক্রীড়া অফিসার আমানুল্লাহ আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. মমিনুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি আহসানুজ্জামান ঝন্টু এবং সরকারি বাক ও শ্রবণ প্রতিবন্ধী আবাসিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসানুজ্জামান।
এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ ও বিপুল সংখ্যক দর্শনার্থী উপস্থিত ছিলেন।