মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা সহকারী কশিনার (ভূমি) দেবাশীষ অধিকারীর কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। শৈলকুপা উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেনের নেতৃত্বে বিএনপির উপজেলা ও পৌর শাখার নেতা–কর্মীরা এ মনোনয়নপত্র সংগ্রহ করেন।
এসময় উপজেলা বিএনপির উপদেষ্টা আব্দুল বারি মোল্লা, সহসভাপতি খলিলুর রহমান, জেলা বিএনপির সহসভাপতি নজরুল জোয়ার্দ্দার, রাকিবুল ইসলাম দিপু, উপজেলা বিএনপির যুগ্নসাধারণ সম্পাদক বাবুল হোসেন মোল্লা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সেলিম রেজা ঠান্ডুসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) দেবাশীষ অধিকারী জানান, মঙ্গলবার দুপুর ২টা ১৫ মিনিটের দিকে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। এসময় ভোটার সিডির চালান কপিও তারা গ্রহণ করেছেন।
ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনটি একটি পৌরসভা ও ১৪টি ইউনিয়ন নিয়ে গঠিত। এখানে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ২৫ হাজার ২৭০ জন; যার মধ্যে পুরুষ ১ লাখ ৬২ হাজার ৯৯৫ জন ও নারী ১ লাখ ৬২ হাজার ২৭৫ জন।
অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে আসনটিতে বিএনপির ধানের শীষের প্রার্থী ছিলেন। জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তবর্তীকালীন সরকারের অ্যাটর্নি জেনারেল হিসেবে তিনি দায়িত্ব পান। শৈলকুপা উপজেলা বিএনপি, পৌর বিএনপিসহ ১৪টি ইউনিয়নের বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের পদধারী নেতাকর্মীরা ৫ আগস্টের পর থেকেই তার পক্ষে নির্বাচনী প্রচার-প্রচারণা চালিয়ে আসছে।
উল্লেখ্য, ১৯৮৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-১ আসনে অধ্যক্ষ মো. কামরুজ্জামান (আওয়ামী লীগ), ১৯৯১ সালে আব্দুল ওহাব (বিএনপি), ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির নির্বাচনে আব্দুল ওহাব (বিএনপি), ১৯৯৬ সালের ২ জুনের নির্বাচনে আব্দুল ওহাব (বিএনপি) নির্বাচিত হন। এরপর ২০০১ সাল থেকে আসনটি আওয়ামী লীগের দখলে ছিল।
