তানভীর সরদারঃ
আগামী ৩১ অক্টোবর ঢাকা থেকে খুলনাগামী লং মার্চ সফল করার লক্ষ্যে ঝিনাইদহ সদর উপজেলার মধুহাটি ইউনিয়ন জামায়াতের উদ্যোগে জনশক্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ লং মার্চে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানসহ ১১ দলীয় জোটের নেতাকর্মীরা অংশ নেবেন বলে সমাবেশে জানানো হয়।
রোববার (২৫ অক্টোবর) বিকেলে গোপালপুর স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মধুহাটি ইউনিয়ন জামায়াতের আমীর ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী আকবর হোসাইন। প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা তাজুল ইসলাম।
সমাবেশে বক্তারা বলেন, জনগণের সাংবিধানিক অধিকার, ন্যায়বিচার ও বাক্স্বাধীনতা প্রতিষ্ঠাসহ সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে এ লং মার্চের আয়োজন করা হয়েছে। তাদের উত্থাপিত দাবিগুলোর মধ্যে রয়েছে গণভোটের রায় বাস্তবায়ন, সংবিধান সংস্কার, জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত হত্যাকাণ্ডের বিচার, জ্বালানি ও সারের সংকট নিরসন, নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং দুর্নীতি, চাঁদাবাজি ও দলীয়করণ বন্ধ করা।
বক্তারা আরও বলেন, এসব দাবি আদায়ে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। আগামী ৩১ অক্টোবরের লং মার্চ সফল করতে তাঁরা সর্বস্তরের নেতাকর্মীদের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান।
সমাবেশে মধুহাটি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের জামায়াতের নেতাকর্মীরা অংশ নেন।