মুহাম্মদ এমরান,লামা (বান্দরবান) প্রতিনিধিঃ
বান্দরবানের লামা উপজেলার ইয়াংছায় খুদ্দামুল কুরআন বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ডের অধীনে পরিচালিত সোবাহি মক্তবসমূহের ৩০০ জন শিক্ষার্থীর মাঝে পবিত্র কুরআন শরীফ বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে ৩০০ জন শিক্ষার্থীদের সবক প্রদান করা হয়। শিক্ষার্থীদের সব প্রদান করেন খুদ্দামুল কুরআন বাংলাদেশ এর চেয়ারম্যান মুফতী বখতিয়ার হোসাইন সরদার।
রোববার (২৫ অক্টোবর ২০২৬) সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত ইয়াংছা ফয়জুল উলুম হামিউচ্ছুন্নাহ্ মাদ্রাসার মিলনায়তনে উক্ত অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। আমিনুত তালীম ও ইয়াংছা এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে শিশু-কিশোরদের কুরআন শিক্ষায় উদ্বুদ্ধ করা এবং ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ বিকাশের ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুদ্দামুল কুরআন বাংলাদেশের চেয়ারম্যান আলহাজ্ব মুফতী বখতিয়ার হোসাইন সরদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জোনের জিম্মাদার শাখাওয়াত হোসেন, ঢাকার মাওলানা ইঞ্জিনিয়ার মারসুস, ৩ নম্বর ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. জাকের হোসেন মজুমদার, আলহাজ্ব মাওলানা শহিদুল্লাহ, আলহাজ্ব মাওলানা জাবের আহমদ, খাগড়াছড়ির আলহাজ্ব মুফতি নোমান এবং লামা কোর্ট মসজিদের সাবেক খতিব মাওলানা আজিজুল হক।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাঁসিয়াখালী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আলহাজ্ব মো. আব্দুস সালাম।
আলোচনা পর্ব শেষে সোবাহি মক্তবের ৩০০ জন শিক্ষার্থীর হাতে পবিত্র কুরআন শরীফ তুলে দেওয়া হয়। পরে দেশ, জাতি, মুসলিম উম্মাহর শান্তি-সমৃদ্ধি এবং সবার সার্বিক কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
আয়োজকরা জানান, শিশু-কিশোরদের মধ্যে কুরআন শিক্ষার আগ্রহ বৃদ্ধি এবং তাদের ধর্মীয় ও নৈতিক মূল্যবোধে উদ্বুদ্ধ করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তাঁরা।
ইয়াংছা ফয়জুল উলুম হামিউচ্ছুন্নাহ্ মাদ্রাসার মহাপরিচালক মো. আব্দুল মালেক অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এদিকে, ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. জাকের হোসেন মজুমদার ইউনিয়নবাসীর পক্ষ থেকে খুদ্দামুল কুরআন বাংলাদেশের সকল সদস্যের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। একই সঙ্গে তিনি এ ধরনের মহতী কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানের সভাপতি আলহাজ্ব মো. আব্দুস সালাম, আয়োজক, অতিথি ও সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।