তানভীর সরদারঃ
"আপন ঘরের খবর কে রাখে"
আরিয়ান আহমেদ
আমার জীবনের প্রেক্ষাপটে বলতে গেলে, আমি খুব একটা সাধারণ মানুষ ,কেউ কাউকে পরোয়া করি না আর আমি কেউ বাধ্য শাসনে চলিও না আমি পুরোটাই আমার। তাই আমি নিজের মতোই থাকি। সকালে ঘুম থেকে উঠে মাথায় যখন যা আসে, হাতের সামনে যা পাই—খাতা, কাগজ, মোবাইল—তাতেই লিখে ফেলি।
গোসল করতে গিয়ে যাকে বিদেশি ভাষায় ' 'মাইন্ডফুলনেস' বলা হয় সেই নির্জনতাটুকু পেলেই মাথার ভেতর শব্দের জঙ্গল আরও ঘন হয়ে আসে। সেই জঙ্গল ডিঙিয়ে কোনোমতে ছুটে এসে শব্দগুলোকে ধরে ফেলি, তারপর লিখে ফেলি—যা আসে, যেমন আসে।
তবে আগের মতো আর বিকেলের বিষণ্নতা খুব একটা জাগে না। "সন্ধ্যামালতী" দেখা পাইনা বলে ,তাই তার ভাবনাও আসে না, কবিতাও মাথায় আসে না। আগের মতো হুটহাট করে কোনো অনুভূতি এসে আমাকে ধরাশায়ী করে না; ফলে লেখার সেই আকস্মিক উন্মাদনাটাও যেন একটু কমে গেছে।
অনেকে আমাকে অনেক কিছু বলে। আমি সেসব উপভোগ করি—সে ভালো বলুক কিংবা খারাপ। কারণ মানুষের বলা কথাগুলোও তো একেকটা আয়না; কোথাও নিজের মুখ দেখা যায়, কোথাও অন্যের মুখ।
এই অল্প অল্প অলসতা, অল্প অল্প অদ্ভুততা আর কিছু অলৌকিক ভাবনার ভেতর দিয়েই আমার যাপন।
কিন্তু মাঝে মাঝে মনে হয়—প্রাচ্য লালনের সেই ‘আপন ঘরের খবর’ নেয় কে?
এখন তো সবাই ব্যস্ত—কে কার আগে গেল, কে কাকে টপকাল, কে কাকে কীভাবে নিচে নামাবে, কে কতটা সফল দেখাবে, কে নিজের প্রতিশ্রুতির কতটা প্রদর্শন করতে পারবে।
তাহলে আমরা আসলে কীসের জীবন, কীসের সংসারে বসবাস করছি?
চিন্তার বাইরে কোনো পৃথিবীতে—নাকি চিন্তা করার সময়টুকুও আমরা ধীরে ধীরে হারিয়ে ফেলছি?