তানভীর সরদারঃ
ঝিনাইদহের ঐতিহ্যবাহী ওয়াজির আলী স্কুল এন্ড কলেজে উৎসবমুখর পরিবেশে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের বরণ করে নিতে অনুষ্ঠিত হচ্ছে নবীনবরণ অনুষ্ঠান-২০২৬।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) কলেজ মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে নতুন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনার মধ্য দিয়ে তাদের নতুন শিক্ষাজীবনে স্বাগত জানানো হয়। এ উপলক্ষে কলেজ মাঠজুড়ে সৃষ্টি হয় আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) জনাব মো. রাশেদ খান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত রয়েছেন ঝিনাইদহ জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম. এ. মজিদ।
ওয়াজির আলী স্কুল এন্ড কলেজের সভাপতি কামরুজ্জামান লিটনের সভাপতিত্বে অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত রয়েছেন।
নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে বক্তারা বলেন, শিক্ষাজীবনের নতুন অধ্যায়কে কাজে লাগিয়ে নিজেদের জ্ঞান, মেধা ও নৈতিক মূল্যবোধে সমৃদ্ধ করতে হবে। নিয়মিত পড়াশোনা, শৃঙ্খলা, সততা ও দেশপ্রেমকে ধারণ করে নিজেদের যোগ্য ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য তারা শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।
আয়োজকরা জানান, নবীনবরণ অনুষ্ঠানের মাধ্যমে নতুন শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষক ও সহপাঠীদের পরিচিতির পাশাপাশি তাদের মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতি আন্তরিকতা ও সম্পৃক্ততা আরও বৃদ্ধি পাবে।
নতুন শিক্ষার্থীদের পদচারণায় এদিন প্রাণ ফিরে পেয়েছে ওয়াজির আলী স্কুল এন্ড কলেজের ক্যাম্পাস। আনন্দ-উচ্ছ্বাসের মধ্য দিয়ে নবীন শিক্ষার্থীরা শুরু করেছে তাদের নতুন শিক্ষাজীবনের পথচলা।