জয়নাল আবেদিন, মাগুরা প্রতিনিধি:
মাগুরার মহম্মদপুর উপজেলায় হারপিক পান করে মো. চাঁদ আলী শেখ ওরফে ‘কালাচাঁদ’ (৬০-এর ঊর্ধ্বে) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
সোমবার (৫ অক্টোবর) দুপুর ২টার দিকে উপজেলার বড়রিয়া মধ্যপাড়া গ্রামে নিজ বাড়িতে তার মৃত্যু হয়।
পারিবারিক সূত্রে জানা যায়, চাঁদ আলী শেখ দীর্ঘদিন ধরে ব্রেনজনিত সমস্যায় ভুগছিলেন। এরই মধ্যে তিনি হারপিক পান করেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। পরে তার মৃত্যু হয়।
খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিষয়টি তদন্ত শুরু করেছে। একই সঙ্গে মরদেহের সুরতহাল ও তদন্ত শেষ না হওয়া পর্যন্ত পরিবারের সদস্যদের মরদেহ গোসল না করানোর নির্দেশ দেওয়া হয়েছে।
তবে কী কারণে তিনি হারপিক পান করেছেন এবং মৃত্যুর প্রকৃত কারণ কী—তা নিশ্চিত হতে পুলিশি তদন্ত অব্যাহত রয়েছে।