নওয়াব আলী, মাগুরা:
মাগুরা পুলিশ লাইন্স মাঠে কনস্টেবল হতে নায়েক/এটিএসআই, নায়েক হতে এএসআই (সশস্ত্র) এবং এটিএসআই হতে টিএসআই পদে বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬-এর মাঠ পর্যায়ের ক্যাম্প প্রশিক্ষণ ও প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ অক্টোবর) সকালে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
উক্ত পরীক্ষা বোর্ডের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন মাগুরা জেলার পুলিশ সুপার জনাব মোল্লা আজাদ হোসেন, পিপিএম-সেবা।
পরীক্ষার অংশ হিসেবে ক্যাম্প প্রশিক্ষণ প্রদর্শনে পরীক্ষার্থীরা নিজ নিজ তাঁবুতে মাগুরা জেলা পুলিশের বিভিন্ন স্থাপনা, কার্যক্রম ও ঐতিহ্য সৃজনশীল উপস্থাপনার মাধ্যমে তুলে ধরেন। পুলিশ সুপার পরীক্ষার্থীদের তাঁবু পরিদর্শন করে তাঁদের উপস্থাপনা, শৃঙ্খলা, সৃজনশীলতা ও দলগত সমন্বয় পর্যবেক্ষণ করেন।
পরবর্তীতে অনুষ্ঠিত প্যারেড পরীক্ষায় পরীক্ষার্থীদের পোশাক-পরিচ্ছদ, শৃঙ্খলা, কুচকাওয়াজ, কমান্ড অনুসরণ, দলগত সমন্বয় ও প্যারেড পরিচালনার দক্ষতা মূল্যায়ন করা হয়।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব থান্দার খায়রুল হাসান (পিপিএম), নড়াইল জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব মোঃ রকিবুল হাসান (বিপিএম-সেবা, পিপিএম), মাগুরার সহকারী পুলিশ সুপার (শালিখা সার্কেল) জনাব নিশাত আল নাহিয়ানসহ পরীক্ষা বোর্ডের সদস্য ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পুলিশের দক্ষতা, শৃঙ্খলা, নেতৃত্বগুণ ও পেশাগত সক্ষমতা মূল্যায়নের মাধ্যমে যোগ্য সদস্য গড়ে তুলতে এই পরীক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা জানান।