মিজানুর রহমান মিন্টু, তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধিঃ
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি ও এলাকার আর্থসামাজিক উন্নয়নে নতুন শিল্প উদ্যোগের সম্ভাবনা দেখা দিয়েছে। উপজেলার দেবনগর ইউনিয়নের এগ্রোটেক ভিলেজ ও তৈয়বীয়া এগ্রো ফার্ম পরিদর্শন করেছেন ঢাকার একটি শীর্ষস্থানীয় গ্রুপ অব কোম্পানির উচ্চপর্যায়ের প্রতিনিধি দল।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে হেলিকপ্টারযোগে প্রতিনিধি দলটি তেঁতুলিয়ার ভজনপুর এলাকায় পৌঁছায়। পরে এগ্রোটেক ভিলেজ ও তৈয়বীয়া এগ্রো ফার্মে তাদের ফুলেল শুভেচ্ছা জানান ভজনপুরের ব্যবসায়ী ও সমাজসেবক হামিদুল হাসান লাবু।
পরিদর্শনকালে এগ্রোটেক ভিলেজ ও তৈয়বীয়া এগ্রো ফার্মের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাজুল ইসলাম প্রতিনিধি দলের সদস্যদের সঙ্গে নিয়ে ফার্মের বিভিন্ন প্রকল্প ও স্থাপনা ঘুরে দেখান।
ফার্ম পরিদর্শন শেষে বিনিয়োগকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা জানান, এগ্রো ফার্মটিকে নতুন করে সচল করে বিভিন্ন উৎপাদনমুখী প্রকল্প গ্রহণের পরিকল্পনা রয়েছে। এসব প্রকল্প বাস্তবায়ন হলে স্থানীয় বেকার যুবকদের কর্মসংস্থানের পাশাপাশি তাদের দক্ষ জনশক্তিতে রূপান্তরের সুযোগ তৈরি হবে। বড় পরিসরে শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠলে তেঁতুলিয়ার আর্থসামাজিক উন্নয়নেও ইতিবাচক প্রভাব পড়বে বলে তারা আশা প্রকাশ করেন।
এ বিষয়ে ব্যবসায়ী ও সমাজসেবক হামিদুল হাসান লাবু বলেন, তেঁতুলিয়ায় শিল্প ও উৎপাদনমুখী প্রতিষ্ঠান গড়ে উঠলে স্থানীয় মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। তিনি দ্রুত বাস্তবমুখী পদক্ষেপ গ্রহণের জন্য উদ্যোক্তা ও বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানান।
এ সময় তেঁতুলিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম শাহিন, দেবনগর ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুদ করিমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।