ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহের শৈলকূপা উপজেলার এক চাল ব্যবসায়ী মহিদুল ইসলামকে ঘিরে বিভিন্ন অনিয়ম ও প্রতারণার অভিযোগ উঠেছে। স্থানীয় কয়েকজন ব্যবসায়ী ও এলাকাবাসীর দাবি, তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন উৎস থেকে চাল সংগ্রহ করে ভিন্ন নামে বাজারজাত করে আসছেন। তবে অভিযোগগুলোর বিষয়ে সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।
স্থানীয় সূত্রে জানা যায়, মহিদুল ইসলাম কুষ্টিয়া অঞ্চল থেকে শৈলকূপায় এসে চাল ব্যবসার সঙ্গে জড়িত হন। বর্তমানে তিনি উপজেলার কবিরপুর এলাকায় ব্যবসা পরিচালনা করছেন। কয়েকজন ব্যবসায়ীর অভিযোগ, বাজারে চালের মান ও উৎস সম্পর্কে ক্রেতাদের বিভ্রান্ত করার মাধ্যমে তিনি অতিরিক্ত মুনাফা অর্জন করছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন চাল ব্যবসায়ী বলেন, বিভিন্ন ধরনের চাল সংগ্রহ করে তা ভিন্ন পরিচয়ে বাজারজাত করার অভিযোগ দীর্ঘদিনের। তবে প্রভাবশালী হওয়ায় অনেকে প্রকাশ্যে কথা বলতে চান না।
এ বিষয়ে মহিদুল ইসলামের বক্তব্য জানতে যোগাযোগ করা হলে তিনি জানান, অতীতে কুষ্টিয়া থেকে চাল এনে শৈলকূপায় বিক্রি করেছেন, তবে বর্তমানে অভিযোগের সঙ্গে তিনি জড়িত নন বলে দাবি করেন।
এদিকে, স্থানীয় সচেতন মহল অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে। তাদের মতে, যদি কোনো ধরনের প্রতারণা বা ভোক্তা অধিকারবিরোধী কর্মকাণ্ডের প্রমাণ পাওয়া যায়, তাহলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা উচিত।
শৈলকূপা উপজেলা প্রশাসনের এক দায়িত্বশীল কর্মকর্তা জানান, বিষয়টি তাদের নজরে এসেছে। অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয়দের দাবি, চাল ব্যবসাকে কেন্দ্র করে ওঠা এসব অভিযোগের পূর্ণাঙ্গ তদন্তের মাধ্যমে প্রকৃত তথ্য উদঘাটন করা হোক এবং দোষী প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করা হোক।